![]() |
| তুমিময় শহর |
তুমিময় শহর
আহমেদ খসরু
যেদিকেই তাকাই, শুধু তুমিময় শহর।
বাসে,ট্যাক্সিতে,অটোতে,ফুটপাতে হাঁটা পথে
সবখানে অণুক্ষণে মনে হয়;
এই বুঝি তুমি সামনে এসে দাঁড়ালে।
না অফিস, না বাসা, না পার্ক, না রাস্তায়
এমন কোনো জায়গা খু্ঁজে পাচ্ছিনা
যেখানে তুমি নেই।
এই শহরের একটা কোণায় তুমি থাকো
অথচ যেখানেই যাই সর্বত্র যেন তুমিময়।
পাবলিক লাইব্রেরীতে বসে পড়ছি,
মনে হচ্ছে যেন শেলফের ওপারে
বসে তুমি আনমনে বইয়ের পাতা উল্টাচ্ছো।
শপিং মলে গিয়ে মনে হচ্ছে,
তুমি বোধহয় ওপাশের দোকানে
কোনোকিছুর দরদাম করছো,
আর কয়েকটা দোকান পেরোলেই
তোমার সামনে গিয়ে দাঁড়াবো।
অফিসের ক্যান্টিনে বসে কফিতে চুমুক দিচ্ছি,
মনে হচ্ছে যেন কোণার চেয়ারটায়
তুমি বসে ছিলে, এইমাত্র উঠে গেলে।
ফুটপাত ধরে হাঁটতে গেলে
মনে হচ্ছে বিপরীত দিক থেকে দ্রুতপদে
তুমিও হেঁটে আসছো আমার দিকে,
আরেকটু সামনে এগোলেই
ধাক্কা খেয়ে যাবো তোমার সাথে।
এ শহরটা কেন এমন তুমিময়?


(f)
ReplyDelete