ঘুমের মধ্যে
স্বপ্ন দেখেন না, এমন মানুষ বোধহয়
পৃথিবীতে নেই! তবে এই স্বপ্নটা আসলে কি? মানুষ কেনইবা স্বপ্ন দেখে? অন্ধরাও কি স্বপ্ন দেখে? দেখে থাকলে, তাদের স্বপ্নগুলো কেমন?
স্বপ্ন কি?
স্বপ্ন মানুষের
একটি মানসিক অবস্থা, যাতে মানুষ ঘুমন্ত অবস্থায় বিভিন্ন কাল্পনিক
ঘটনা অবচেতনভাবে অনুভব করে থাকে। ঘটনাগুলি কাল্পনিক হলেও স্বপ্ন দেখার সময় সত্যি
বলে মনে হয়। অধিকাংশ সময় যিনি স্বপ্ন দেখছেন তিনি নিজেই সেই ঘটনায় অংশগ্রহণ
করছেন বলে মনে করতে থাকেন। অনেক সময় পুরনো
অভিজ্ঞতার টুকরো টুকরো স্মৃতি কল্পনায় বিভিন্নভাবে একত্রিত ও পরিবর্তিত হয়ে
সম্ভব-অসম্ভব সব ঘটনার রূপ নেয়। স্বপ্ন হল ধারাবাহিক কতগুলো ছবি ও আবেগের
সমষ্টি যা ঘুমের সময় মানুষের মনের মধ্যে আসে। এগুলো কল্পনা হতে পারে, অবচেতন মনের কথা হতে পারে বা অন্য কিছুও হতে পারে, এগুলোর শ্রেণীবিন্যাস করা বেশ কষ্টকর।
স্বপ্ন সম্বন্ধে
অনেক দর্শন, বিজ্ঞান এবং
কল্প- কাহিনী আছে। স্বপ্নবিজ্ঞানের ইংরেজি নাম Oneirology বা ওনাইরোলজি । কিছু
স্বপ্নবিজ্ঞানীর মতে, নিদ্রার যে পর্যায়ে
কেবল আক্ষিগোলক দ্রুত নড়াচড়া করে কিন্তু বাকি শরীর সাময়িকভাবে প্রায়
পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় সেই পর্যায়ে মানুষ স্বপ্ন দেখে। কিন্তু এই বিষয়ে বিতর্ক
রয়েছে। পেটে কোনো সমস্যা থাকলে বা উল্টো পাল্টা বেশি কিছু খেলে স্বপ্নের মাত্রা
বাড়তে পারে বলে ধারণা করেন বিজ্ঞানীরা।
স্বপ্ন বিভিন্ন
প্রকৃতির হতে পারে । যেমন, ভয়ঙ্কর, উত্তেজনাপূর্ণ, জাদুকর, মর্মান্তিক, সাহসিক কিং বা যৌন উত্তেজনা
সংক্রান্ত । স্বপ্নের ঘটনাগুলি সাধারণত যিনি স্বপ্ন দেখেন তার নিয়ন্ত্রণের বাইরে
থাকে ।মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে ব্যক্তির মধ্যে সৃজনশীল চিন্তাধারার উদ্ভব ঘটে থাকে যার ফলে
সে অনুপ্রেরণা অনুভব করতে পারে।
দর্শক, আপনার মনে নিশ্চয়
প্রশ্ন জাগছে যে, মানুষ কেনইবা
স্বপ্ন দেখে?
মনোবিজ্ঞানীদের
মতে, আমাদের অবচেতন মনের ভাবনা-চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলনই হল এই স্বপ্ন। তবে মানুষ কেন স্বপ্ন দেখে সেই প্রশ্নের যৌক্তিক এবং গ্রহণযোগ্য কোনো উত্তর নেই। তবে কিছু
বিজ্ঞানীর মতে, ঘুমের মধ্যেও
মানুষের ইন্দ্রিয়গুলো বাইরের জগত থেকে সংবেদন গ্রহণ করতে পারে। এ সব সংবেদন ইচ্ছেমতো
প্রতিরূপে রূপান্তরিত হয়ে স্বপ্ন দৃশ্যের সৃষ্টি করতে পারে। অর্থাৎ স্বপ্ন
হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের কর্মকান্ড এবং ভাবনা-চিন্তার প্রতিফলন। মনোবিশেষজ্ঞ এবং স্নায়ু-বিশেষজ্ঞরা লক্ষ্য করে দেখেছেন যে, স্বপ্ন হলো মস্তিষ্কের অতিরিক্ত তথ্য মুছে দেওয়া এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোর
ভিত্তি আরো মজবুত করার একটি কৌশল। গ্রিক এবং রোমান যুগে মানুষ বিশ্বাস করতেন যে
স্বপ্নগুলি এক বা একাধিক দেবতার কাছ থেকে প্রত্যক্ষ বার্তা অথবা মৃত ব্যক্তিদের
কাছ থেকে আসা বার্তা যা প্রধানত ভবিষ্যদ্বাণী হিসাবে গণ্য করা হতো। তবে গ্রিকদের সেই ধারণার
কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি ।
একজন অন্ধ ব্যক্তি কিংবা পশু-পাখিরাও স্বপ্ন দেখে কিনা সে
বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে স্বপ্ন সম্পর্কে বিজ্ঞানীদের দেয়া বেশ কিছু চমৎকার
তথ্য জানিয়ে রাখি:
আধুনিক
বিজ্ঞানীরা স্বপ্নকে ঈশ্বরের বার্তা মনে না করলেও, তারা জানাচ্ছেন এ
সম্পর্কে নানা মজাদার তথ্য। যেমন-
১. আপনি কখনোই
একই সঙ্গে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবেন না। কারণ, স্বপ্ন দেখা এবং নাক ডাকা দুটো কখনো একসাথে ঘটতে পারে না ।
২. আপনার দেখা স্বপ্নের
৯০ শতাংশ ঘটনাই আপনি ভুলে যাবেন ।
৩. সব মানুষই
স্বপ্ন দেখে। আপনি যদি মনে করেন যে আপনি স্বপ্ন দেখেন না, এরমানে স্বপ্নের কথা আপনার মনে নেই।
৪. আপনি স্বপ্নের
মধ্যে শুধু পরিচিত মানুষদের চেহারাই দেখতে পাবেন। অর্থাত স্বপ্নে যাকে দেখবেন
বাস্তব জীবনেও তাকে অবশ্যই আপনি দেখেছেন কারন মষ্তিষ্ক নিজে কোনো চেহারা তৈরী করতে
পারে না। হতে পারে তার চেহারা
তোমার মনে নেই।
৫. অধিকাংশ
মানুষই রঙ্গিন স্বপ্ন দেখতে পান। মাত্র ৪.৪ শতাংশ মানুষ সাদা-কালো স্বপ্ন দেখেন।
৬. স্বপ্নের
মধ্যে মানুষের যে অনুভূতিটা সবচেয়ে বেশি কাজ করে, তা হচ্ছে উদ্বিগ্নতা।
৭. মানুষ ঘুমের
মধ্যে গড়ে চার থেকে সাতটি স্বপ্ন দেখে এবং গড়ে এক থেকে দুই ঘণ্টা স্বপ্ন দেখতে
দেখতে কেটে যায়।
৮. মানুষ তার
জীবনের প্রায় ৩৩ শতাংশ ঘুমিয়ে কাটায় এবং এর মধ্যে প্রায় ছয় বছর স্বপ্ন
দেখে পার করে।
এবার আসুন জেনে নেই, অন্ধরাও স্বপ্ন
দেখে কি না,
দেখে থাকলে তাদের স্বপ্নগুলো কেমন?
স্বপ্ন মানুষের
দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন দৃশ্য,
শব্দ এবং অনুভূতির একটা সম্মিলিত রূপ । কাজেই অন্ধরা
যেহেতু জীবনে কোন ধরণের ছবি বা দৃশ্যের সাথে পরিচিত না, তাদের জগত শব্দ, গন্ধ এবং অনুভূতিময়, তাই তারা যখন স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্নও হয়
শব্দ, গন্ধ, অনুভূতিময় । সেখানে কোন ছবিবা দৃশ্য থাকে না,
কেননা স্বপ্ন শুধুমাত্র
কারো মনের অবচেতন অবস্থা। জন্মগত অন্ধরা নিজে থেকেই তাদের অনুভবে যেকোনো কিছু একটা
প্রতিরূপ মনে মনে গড়ে নেয়। কিন্তু যে জন্মান্ধ না, বরং জীবনের কোন এক পর্যায়ে অসুস্থতা বা অন্য
কোন কারণে অন্ধ হয়ে গেছে, তার স্বপ্ন ছবিময়
হতেই পারে ।
এছাড়া পশু-পাখিরাও
স্বপ্ন দেখে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন- স্বপ্ন দেখার সময় মানুষের মস্তিষ্কে
যেরূপ তরঙ্গ প্রভাহিত হয়, বিভিন্ন
প্রাণীদের ঘুমের মধ্যেও একই তরঙ্গ প্রভাহিত হতে দেখা যায়।
